হুমায়ূন রশিদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের মেধাবী ছাত্রী এবং ডুসাট সাবেক সভাপতি সানজিদা ইয়াসমিন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১জন সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে পাঠাগার সম্পাদক মনোনীত হয়েছেন। এই সুখবরে কলংকিত জনপদের আতংকিত মানুষের মধ্যে কিছুটা স্বস্থি ফিরেছে। বিভিন্ন মহল মেধাবী এই ছাত্রলীগ নেত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
গতকাল ১৩জুলাই রাত সাড়ে ৯টারদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত তালিকার ৯নং পৃষ্ঠার ১নাম্বারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবনিয়া গ্রামের বাসিন্দা ও জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাহ এবং সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার খতিজা বেগমের মেয়ে সানজিদা ইয়াসমিনকে পাঠাগার সম্পাদক মনোনীত করা হয়।
এর আগে মেধাবী শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ ২৮বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে বঙ্গামাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হল সংসদের রিডিং রোম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের (ডুসাট) সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে গতরাতে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ হওয়ার পর মাদকের দূর্নামে কলংকিত এবং অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত টেকনাফের মানুষের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহপাঠি, অনুজ শিক্ষার্থী, জনপ্রতিনিধি, পেশাজীবি, মিডিয়া কর্মী, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও বেসরকারী উন্নয়ন সংস্থার লোকজনের অভিনন্দন বার্তার ভালবাসা আর দোয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সানজিদা ইয়াসমিন বন্দনায় পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেন এই মেধাবী সানজিদার পদাংক অনুসরণ করে আগামীতে অবহেলিত জনপদের ছেলে-মেয়েরা বিদ্যা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির জন্য ভাল কিছু করতে ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানানো হয়। ###
