জাদিমোরা নয়াপাড়া আদম ঘাট দিয়ে অনুপ্রবেশকালে ৭জন রোহিঙ্গা আটক ; দালাল সিন্ডিকেট ধরা-ছোঁয়ার বাইরে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের হ্নীলা জাদিমোরাস্থ নয়াপাড়া আদম পাচারের ঘাট দিয়ে অনুপ্রবেশকালে ৭জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন পুলিশ। দীর্ঘদিন ধরে এই পয়েন্টে প্রভাবশালীদের ছত্রছায়ায় আদম পাচারকারী সিন্ডিকেট কৌশলে সক্রিয় থাকায় মাদকসহ সীমান্ত অপরাধ থামানো যাচ্ছে না।
এপিবিএন সুত্র জানায়, গত ২৩মে রাত সাড়ে ১১টায় নয়াপাড়া রেজি: ক্যাম্প সংলগ্ন টিডিএস হাসপাতালের পাশ দিয়ে মিয়ানমার হতে দালালের মাধ্যমে নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কুতপালং ক্যাম্পে যেতে আসা ফজল করিমের পুত্র আজিজুল হক (৪৪), শালবাগান ক্যাম্পে যেতে আসা হাবিবের পুত্র শাহ্ আলম (৫৫), মুসা আলীর পুত্র হোসেন আহমেদ (৬০), লোকমান হাকিমের পুত্র নুর সালাম (৪৭), জাদিমোরা ক্যাম্পে যেতে আসা ফয়েজ আহমদের পুত্র আবুল হোসেন (৫০), বশির আহমদের পুত্র মুদ্দাছার (২১) এবং লেদা ক্যাম্পে যেতে আসা রশিদ আহমদের পুত্র সালমান (২১) কে আটক করে।
কক্সবাজার ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অনুপ্রবেশকালে ৭জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আরআরআরসির সিদ্ধান্তমতে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় লোকজনের সাথে কথা বলে অবহিত হওয়ায় যায়,নয়াপাড়ার মিজান, ইমজাদ, নুরু, শাহ আলমের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে তারা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে।
এই বিষয়ে হ্নীলা ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ শফি জানান, নাফনদী দিয়ে মাদকের চালান খালাস ও মানব পাচারের কারণে দীর্ঘ ৩-৪ বছর ধরে মাছ শিকার বন্ধ রয়েছে। কিন্তু আমরা নাফনদী নির্ভর জেলেরা মানবেতর দিনযাপন করে আসলেও কারো মাথাব্যথা হচ্ছেনা। এখনো বিভিন্ন সীমান্তে যারা মাদক ও মানব পাচারে জড়িত ; তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। ###