নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক প্রাণঘাতি ভাইরাস করোনা দুর্দিনে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন জনপদে গরীব মানুষের পাশে থাকা, কর্মহীন দিনমুজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এবং আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার ও সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোসহ বিপদের মুর্হুতে জনগনের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে জনসেবামুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি জেসমিন হক জেসি চৌধুরী।
এসব জনকল্যাণমুলক কাজের স্বীকৃতি হিসেবে বেসরকারি গবেষনা সংস্থা শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের জুড়ি বোর্ড ২০২২ সালে চট্টগ্রাম বিভাগে সেরা নারী ভাইস চেয়ারম্যান হিসেবে জেসি চৌধুরীর নাম ঘোষনা করেন।
গবেষনা সংস্থা শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের জুড়িবোর্ড থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরিয়া উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সেই থেকে তিনি নির্বাচনী এলাকা তথা চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা জনপদে সর্বসাধারণের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে জনসেবামুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
বিশেষ করে ২০২০-২১ সালে বৈশ্বিক প্রাণঘাতি ভাইরাস করোনা দুর্দিনে উপজেলার বিভিন্ন জনপদে গরীব মানুষের পাশে থাকা, কর্মহীন পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এবং আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোসহ জনকল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন নারী ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী।
গবেষণা পরিষদ বলছে, বাংলাদেশ নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় গেল দুইবছরে চট্টগ্রাম বিভাগের উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যানদের কাজের মুল্যায়ন সমীক্ষা করা হয়। তাদের মধ্যে চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী জনসেবামুলক কাজের অংশহিসেবে বিপদের মুর্হুতে জনগনের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। এসব জনকল্যাণমুলক কাজের স্বীকৃতি স্বীকৃতি হিসেবে ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীকে চট্টগ্রাম বিভাগে সেরা ভাইস চেয়ারম্যান হিসেবে ‘সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হলো।
গত ৪ মার্চ শুক্রবার রাজধানী ঢাকার বিজয়নগরে হোটেল একাত্তরের সম্মেলনকক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ”সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ও শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান এবং শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ।
শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের মহাসচিব আর কে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমেদ, অর্থমন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাধারন সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার,ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামসুর রহমান,মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ওমর বিন আজিজ তামিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগের সভাপতি আখতারুজ্জামান বাবুল, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ঈসা, অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক এসএম হান্নান শাহ এবং বুদ্ধিজীবী লেখক গবেষক কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন বিশিষ্টজন। অনুষ্ঠানে জুড়িবোর্ডের সমীক্ষার মাধ্যমে সারাদেশের মোট ৪০ জন সফল মানুষের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। ##
