এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক এবং নতুন পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারী) অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
ডুলাহাজারা ইউপি সচিব হুমায়ুন কবির এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
অনুষ্ঠানে আগে খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানান আবদুল কুদ্দুছ ও মুফতি মাওলানা মাহমুদুল হক।
পরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল মান্নান, ফাসিয়াখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম চৌধুরী,মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই টিপু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রোস্তম গনী মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ১ নং ওয়ার্ডের মেম্বার রফিক আহমদ, ২ নং ওয়ার্ডের মেম্বার আবু ছালাম, ৩ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ মো. শওকত আলী, ৪ নং ওয়ার্ডের মেম্বার রমজান আলী, ৫ নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন টিপু, ৬ নং ওয়ার্ডের মেম্বার ফখরু উদ্দিন, ৭ নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম, ৮ নং ওয়ার্ডের মেম্বার মো.আয়াত উল্লাহ সওদাগর, ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান, ১২৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মোশারফা খানম রিটা, ৪৫৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার জেসমিন আক্তার, ৭৮৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শোবাইদা জন্নাত রিমা, ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি ডা. আজিজুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আনাছ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের দফাদার ও সকল গ্রাম পুলিশ, এলাকার গন্যমান্য ব্যক্তি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, ডুলাহাজারা ইউনিয়ন একটি সম্প্রীতির জনপদ। এই ইউনিয়নের মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বসবাস আছে। যা চকরিয়া উপজেলার অন্য কোন ইউনিয়নে নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আগামীতে উন্নয়নসমৃদ্ধ মডেল ডুলাহাজারা ইউনিয়ন গড়তে চাই। সেইজন্য দলমত নির্বিশেষে প্রিয় ডুলাহাজারা ইউনিয়নবাসি সবার সহযোগিতা প্রয়োজন।
চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ডুলাহাজারা ইউনিয়নে অতীতের মতো আগামীতে উন্নয়ন বৈষম্য হবেনা। ইনশাল্লাহ জনসংখ্যা অনুপাতে ইউনিয়নবাসির নায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা হবে আমার প্রধান কর্তব্য। আর ইউনিয়ন পরিষদ হবে জনগনের আস্থার ঠিকানা। পাশাপাশি ইউনিয়নের সবশ্রেণীর জনগনের অধিকার ও মর্যাদা সমুন্বিত রাখার দায়িত্ব থাকবে আমার। জনগনের জন্য সবসময় আমার দরজা খোলা থাকবে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে ডুলাহাজারাবাসির সহযোগিতা নিয়ে আগামীতে ইউনিয়ন থেকে সবধরণের মাদক বিক্রিসহ অপরাধপ্রবনতা রুখে দেওয়া হবে। কেউ অপরাধমুলক কাজে জড়িত থাকলে আমার আত্মীয় হলেও ছাড় দেওয়া হবেনা। তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। তাই সবাইকে অনুরোধ করি বলবো আসুন আমরা মিলেমিশে ডুলাহাজারা ইউনিয়নকে একটি সম্প্রীতির জনপদ ও আধুনিক ইউনিয়নে গড়ে তুলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ জাফর আলম বলেন, সবার জন্য নিরাপদ একটি ইউনিয়ন গড়তে হলে জনপ্রতিনিধি, জনসাধারণ সকলকে এক এবং অভিন্ন হয়ে কাজ করতে হবে। সবার উদারপুর্ণ ভুমিকা থাকলে নতুন পরিষদ আগামী দিনে ডুলাহাজারা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়তে সফল হবে।
সাংসদ জাফর আলম নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জনগনের মাঝে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। পরিষদে সরকারি সবধরণের সেবা নিতে এসে কোনভাবে জনগনকে হয়রাণি করা যাবেনা। এইক্ষেত্রে চেয়ারম্যান মেম্বার সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে জনগন যেভাবে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁর প্রতিদান কাজের মাধ্যমে জনপ্রতিনিধিদের দিতে হবে। এমপি জাফর আলম বলেন, সরকারি বরাদ্দের পাশাপাশি উন্নয়নের জন্য অতীতেও আমি ডুলাহাজারা ইউনিয়নবাসির কল্যাণে কাজ দিয়েছি। আগামীতেও উন্নয়নের জন্য যা যা দরকার দেব। তবে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব পালনে জনবান্ধব হতে হবে এবং সবসময় জনগনের পাশে থেকে কাজ করতে হবে। আশাকরি সবাই মিলেমিশে কাজ করলে ডুলাহাজারা ইউনিয়ন দেশের মধ্যে একটি মডেল জনপদে পরিণত হবে। ##
