চকরিয়া কোণাখালীতে বসত-বাড়িতে ঢুকে হামলা-ভাংচুরঃ বউ-শ্বাশুড়ি পিটিয়ে জখম

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গিয়ে পরিবারের দুই নারী গুরুতর জখম হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় কোণাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকায় সামসুল আলমের বাড়িতে ঘটেছে এ ঘটনা।

হামলার শিকার পরিবারের গৃহিণী ওই গ্রামের সামসুল আলমের স্ত্রী মেরিনা আক্তার অভিযোগে বলেন, কোনাখালীর ঘোনার বিএস সৃজিত ২২৮০নং খতিয়ানের ১৪১১,১৪১২ দাগের ৭.৩৬ শতক আমার স্বামীর ভোগদখলীয় জমিতে আমি ও শাশুড়ী শান্তিতে বসবাস করে আসছেন। কিন্ত অভিযুক্ত পক্ষ একই এলাকার আমির হোছাইনের পুত্র মনোর আলম দুর্লোভে বশবতী হয়ে তার স্বামীর জমি জবর দখলের চেষ্টায় নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।

বাদি মেরিনা আক্তার আরো জানান, বাড়িভিটার দখলের উদ্দেশ্যে শুক্রবার সকাল ১০টায় মনোর আলম ,মনজুর আলমের স্ত্রী তছলিমা বেগম, মনোর আলমের স্ত্রী শারমিন আক্তার, মনজুর আলমের কন্যা তানজিনা বেগমসহ ৫-৬জন অজ্ঞাত লাঠিয়াল এসে আমার স্বামীর বসতঘর-ভিটা জবরদখলের উদ্দেশ্য ঘেরা-বেড়া কর্তন করতে থাকে।
এসময় আমরা বাঁধা দিলে মেরিনা আক্তারকে মাথায় চাপাতি দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার সময় তাকে উদ্ধারে শাশুড়ী এগিয়ে আসলে শাশুড়ীকেও মারধর করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আহতদের। হামলাকারীদের বিবাদী করে চকরিয়া থানায় এজহার জমা দেয়ার কথা জানান মেরিনা আক্তার। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া থানার ইন্সপেক্টর ওসি (তদন্ত) আব্দুল জব্বার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#