চকরিয়া উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে ফাঁশিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : আসন্ন কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রানালয়ের বিধিমালা অনুযায়ী উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। বুধবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধিমোতাবেক কোন জনপ্রতিনিধি একটি পদে থেকে অন্য পদে নির্বাচনে অংশ গ্রহন করতে হলে তাকে বিদ্যমান পদ থেকে পদত্যাগ করতে হবে। সেই আলোকে ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার আগে স্বপদ থেকে পদত্যাগ করেছেন।
গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেয়ার সময় চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে ওইসময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক।
পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসীল ঘোষনার সম্ভাবনা রয়েছে। আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আগ্রহী। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী গতকাল স্বেচ্ছায় স্বপদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের কপি আমার কাছে হস্তান্তর করেছে। আজকালের মধ্যে তাঁর পদত্যাগপত্র কক্সবাজার জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দফতরে পাঠানো হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পদত্যাগপত্র গৃহীত হলে ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হবে।#