এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবশেষে গতকাল বুধবার (১৭ এপ্রিল) শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বিকাল পাঁচটার দিকে ভোট গণনা শেষে রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো.বশির আহমদ ফলাফল ঘোষনা করেন। এতে নারী ভাইস চেয়ারম্যান পদে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল অনুষ্ঠিত স্থগিত ওই কেন্দ্রে জেসি চৌধুরী (কলস) প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট। নিকটতম প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট। ওই কেন্দ্রে মোট ৪ হাজার ৭৬৮ ভোট থাকলেও এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র ৫৬০ জন ভোটার।
জানা গেছে, গত ১৮ মার্চ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৯৯টি কেন্দ্রের মধ্যে ৯৮টিতে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন সমাপ্ত হলেও পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগপুর্ণ পরিস্থিতির কারনে একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ওইদিন ভোটগ্রহন স্থগিত ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা।
৯৯টি কেন্দ্রের মধ্যে ৯৮ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নারী ভাইস চেয়ারম্যান পদে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী এগিয়ে ছিলেন। তিনি (কলস) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ২৯৪ ভোট। নিকটতম প্রার্থী সাফিয়া বেগম শম্পা (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯০৩ ভোট। তৃতীয় হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা পারভীন। তিনি (হাঁস) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮০৭ ভোট।
পুন ভোটগ্রহনসহ বিজয়ী জেসমিন হক জেসি চৌধুরী কলস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬০৫ ভোট। নিকটতম প্রার্থী সাফিয়া বেগম শম্পা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১৫২ ভোট।
ইতোপুর্বে অনুষ্ঠিত নির্বাচনে ৯৮টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে তাদের নামে গেজেটও প্রকাশ করেছে ইসি। আগামী ২৫ এপ্রিল জেলার সাতটি উপজেলার সঙ্গে চকরিয়া উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহনের জন্য পরিপত্রও জারি করেছে নির্বাচন কমিশন।
