চকরিয়ায় স্টার লাইন বাস দুর্ঘটনায় নিহত ৪জনের পরিচয় মিলেছে ; মরদেহ হস্তান্তর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে শুক্রবার রাতে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি বাস দূর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে। শনিবার সকালে ও বিকালে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত চার জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফেনী থেকে কক্সবাজার অভিমুখি স্টার লাইন পরিবহনের বাসটি চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নে বানিয়ারছড়া শিয়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় এক মহিলাসহ ৪জন যাত্রী নিহত ও আরো অন্তত ২৫ যাত্রী কম বেশি আহত হয়। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার নুরুল আবছারের ছেলে সাজেদ উল­াহ (২৬), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা বাজার আজহার মাষ্টার বাড়ির মোহাম্মদ আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫), একই জেলার সোনাইমুড়ি থানার অম্বর নগর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আবু সুফিয়ান (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার আলাইয়্যাপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে মনিরুজ্জমান (২৮)।
এছাড়া আহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (৩২), ফেনী জেলার লক্ষীপুর এলাকার সৈয়দ সানাউল­াহ’র ছেলে তানভীর (২৬), নোয়াখালী জেলার হাতিয়া এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে আমির হোসেন (২৯), কক্সবাজার পৌরসভার ঝাউতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছিদ্দিক আহামদ (২১) ও শিশুকন্যা সুমাইয়্যা আক্তার (৯), নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়া এলাকার ছিদ্দিক আহামদের মেয়ে সুমি আক্তার (১৮), চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলঅকার মৃত আবুল বশরের ছেলে আবদুল করিম (৪৮), ময়মনসিংহ সদর এলাকার লুৎফুর রহমানের মেয়ে কাউসার জন্নাত (২০), চট্টগ্রামের লক্ষীপুর উপজেলার নুরুল ইসলামের ছেলে সেজায়েত উল­াহ (৫০), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল মতলবের ছেলে মো. জহির (৩০), বরিশালের ভোলা লালমোহন এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে ফিরোজ আহামদ (৫০), চট্টগ্রামের ফেনী এলাকার সোলতান আহামদের ছেলে জাহাঙ্গীর আহমদ (৪০), চট্টগ্রামের নোয়াখালী উপজেলার মহসিন উদ্দিন (৬০) ও কুমিল­া এলাকার নুরুল হকের ছেলে শাহাদত হোসেন (২৬)। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহি স্টারলাইন পরিবহনের একটি বাস (ঢাকামেট্টো-ব-১৫-২৩৪৩) চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে অদুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন পুরুষ ও একজন নারী যাত্রী নিহত হন।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, দূর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ, চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ও হারবাং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও বলেন, শুক্ররাতে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা চার যাত্রীর পরিচয় তাৎক্ষনিক জানা না গেলেও শনিবার সকালের দিকে সবার পরিচয় মিলেছে। এদিন সকালে ও বিকালে লাশ সনাক্তের পর নিহতদের পরিবারের হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি ফাড়িতে রাখা হয়েছে। #