চকরিয়ায় যাত্রীবাহি বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত ; আহত ৮

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতর হওয়ায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পেনৈসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে।
Chakaria Pic 30 12 2021 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দুর্ঘটনায় আহতরা হলেন, সিলেটের মো. আজগর আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮), সফিক আলীর ছেলে মো. শামিম (২৭), তোতা মিয়ার ছেলে লেদু মিয়া (৪৮), নোয়াখালীর অজি উল্লাহর ছেলে আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে মিশকাত (২১) ও মো. শফির ছেলে মোজাফ্ফর হোসেন (২৮)।
চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। ##