নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর উপর হামলা ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে পৌরসভা ভবনের প্রধান গেইট চিংড়ি চত্বর এলাকায় স্থানীয় সাংসদ ও তার লোকজন এ হামলা ঘটনা ঘটিয়েছেন গতকাল বুধবার বিকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
হামলার ঘটনায় মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আরো বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছে।
বুধবার চকরিয়া উপজেলা পরিষদ সড়কে প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় স্থানীয় সাংসদ সদস্য কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি জাফর আলম, চকরিয়া পৌর আওয়ামীলীগের সদ্য অব্যহতি পাওয়া সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদরকে দায়ী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, অনুষ্ঠিতব্য নির্বাচনে সাংসদের ভাতিজা স্বতন্ত্র মেয়রপ্রার্থী জিয়াবুল হকের পক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এমনকি তাদের কথা মতো কাজ না করায় বিভিন্ন স্থানে আওয়ামীলীগের নেতাকর্মী এবং ভোটারদের অকথ্য ভাষায় গালি-গালাজসহ হুমকি দিয়ে আসছে।
একইভাবে পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনী প্রচারণার পাশাপাশি আওয়ামীলীগের হাইকমান্ডের নির্দেশে কক্সবাজার জেলা আওয়ামীলীগ মঙ্গলবার রাতে তাকে সভাপতি পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসন্ন পৌর নির্বাচনকে বানচাল করতে মঙ্গলবার রাতে এ হামলার ঘটনাটি ঘটায়।
মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী হামলার ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে শৃংখলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া এসব নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী করেন। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিও করেছেন মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোসলেম উদ্দিন মানিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন চকরিযা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ছরওয়ার আলম, সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, মোজাফ্ফর হোসেন পল্টু, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামীলীগ নেতা সেকান্দর বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##
