চকরিয়ায় মুক্তিযোদ্ধা আনোয়ার বাঙ্গালীর বসত-বাড়ি পরিদর্শনে এমপি জাফর পরিবারে সমবেদনা প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় হামলা শিকার যুদ্ধাপরাধ মামলার বাদী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বসতবাড়ি মুক্তিযোদ্ধা কুঠির পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ মুক্তিযোদ্ধা কুঠির পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধা কুঠিরে হামলার চিত্র দেখেন এবং নির্যাতিত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন।
এমপি জাফর আলম পরির্দশনকালে এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর সহধর্মীনি ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেচারা বেগমসহ মুক্তিযোদ্ধা কুঠিরের নির্যাতিত সদস্যরা ঘটনার দিনের পুলিশী হামলা নির্যাতনের বর্ণনা সাংসদ জাফর আলমের কাছে তুলে ধরেন। পরে সাংসদ জাফর আলম আক্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারে অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির আশ্বাস প্রদান করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর জৈষ্ঠ ছেলে রেজাউল করিম সেলিম।
প্রসঙ্গত: গত ৫ মার্চ দুপুর দেড়টার দিকে আসামি গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে যুদ্ধাপরাধ মামলার বাদী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর বসতবাড়িতে হামলার এ ঘটনা ঘটে। হামলা ও পুলিশের পিটুনীতে মুক্তিযোদ্ধার স্ত্রী, পুত্র, পুত্রবধু ও নাতী-নাতনীসহ আটজন আহত হয় বলে দাবী করা হয় নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে।#