নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় ৯ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত ধর্ষক রোস্তম আলীকে (৫১) গ্রেফতার করেছে। সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোস্তম আলী চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব কাহারিয়াঘোনা এলাকার গোলাম আহমদের ছেলে। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ভিকটিম ওই শিশুর মা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আধাঘন্টার মধ্যে থানা পুলিশ ধর্ষক রোস্তত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
মামলার এজাহারে জানা যায়, গত রোববার (১৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবার করে দেওয়া বাজার নিয়ে ঘরে ফেরার পথে রোস্তম আলী ওই শিশুকে একা পেয়ে রাস্তার পাশে একটি গাছ বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কান্না করে বাড়িতে ফেরার পর ঘটনার বিস্তারিত মাকে জানায়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ভিকটিম শিশুটির মা জানায়, এর আগেও ১০-২০ টাকা ও নাস্তার প্রলোভনে ফেলে ওই শিশুকে কয়েকবার ধর্ষণচেষ্টা করে। আমাদের বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। আমরা ভাড়া বাসায় থাকি। তাই এ ঘটনায় ব্যবস্থা নিতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জুয়েল ইসলাম। তিনি বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ধর্ষককে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ##
