বার্তা পরিবেশক : হ্নীলার দক্ষিণ লেদায় চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে এক যুবককে মারধর ও অপহরণ করেছে বলে অভিযোগ তুলেছেন ভূক্তভোগী পরিবার। পুলিশী সহায়তায় অপহৃত যুবককে উদ্ধার করা হলেও অভিযুক্তরা পলাতক থাকলেও এই ঘটনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যে ইয়াবা সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
জানা যায়, গত ২৩ জুলাই রাত ১১টারদিকে হ্নীলা দক্ষিণ লেদা শিয়াইল্যাঘোনার কালা মিয়ার পুত্র নুরুল আমিন প্রকাশ বাগগুইল্যা (১৮) এর নিকট হতে স্থানীয় মৃত হামিদ উল্লাহর পুত্র জাগির হোছন, আব্দু শুক্কুর ও নয়াবাজারে বসবাসরত কালা মিয়ার পুত্র খোরশেদ আলম (২২) মিলে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। তা পরিশোধে অপারগ হওয়ায় মারধর করে অপহরণ করে নিয়ে যায়। পরে এই ঘটনা পুলিশে জানানো হলে একদল পুলিশ এসে অভিযান চালিয়ে অপহৃত বাগগুইল্যাকে উদ্ধার করে এবং সন্দেহভাজন ২জনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার পর হতে জাগির ও খোরশেদ পলাতক রয়েছে।
ভূক্তভোগী পরিবারের দাবী, অপহৃত বাগগুইল্যাকে ইয়াবার চালান বহনের জন্য চাপ দিয়ে আসছে। সে এই চালান বহনে অস্বীকৃতি জানাতেই এই চাঁদা দাবী, মারধর ও অপহরণ বলে মনে করেন।
এসব বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দু শুক্কুরের নিকট জানতে চাইলে বলেন, এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এই ধরনের কোন কাজে জড়িত নয়। তবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন অবহিত রয়েছেন। ##
