চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. লিটন (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাখালীর কইন্যারকুম এলাকায় মাতামুহুরী পয়েন্টে মাছ ধরতে নেমে তিনি নিখোঁজ হন। মো. লিটন কোনাখালী ইউনিয়নের পুরত্যাখালী পূর্বপাড়ার মো. রফিকের ছেলে।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাতামুহুরী নদীর কইন্যারকুম এলাকায় মাছ ধরতে যায় লিটন। একসময় নদীতে জাল ফেললে তা আটকে যায়। জাল তোলার জন্য পানিতে ডুব দেয় লিটন। এরপর থেকে খোঁজ নেই তার।
কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধার করতে স্থানীয় লোকজন জাল ফেলে চেষ্টা চালিয়েছেন। উদ্ধার না হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ##