এম.জিয়াবুল হক : চকরিয়ায় মসজিদে ছাদে পানি ছিটাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ জুনাইদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আবুল কালাম (৩৪) নামের আরো একজন। শনিবার বিকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ক্যান্টমেন্ট মসজিদে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। নিহত হাফেজ জুনাইদ ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামের মাওলানা আবদুস শুক্কুরের ছেলে। আহত আবুল কালাম একই এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মীর আহমদের ছেলে। হাফেজ জুনাইদ ওই মসজিদে রমজান উপলক্ষে তারাবি নামাজ পড়াচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাব উদ্দিন। তিনি বলেন, তীব্র গরমের কারণে ওইদিন বিকালে মসজিদের ছাদের উপরে পানি ছিটিয়ে দিতে যান হাফেজ জুনাইদ। ওইসময় ছাদের উপরে থাকা ট্যাংকি থেকে পানি ছেড়ে দিতে গিয়ে হাফেজ জুনাইদ ছাদে উঠামাত্র পাশের বিদ্যুৎতের তারে জড়িয়ে যান।
তিনি বলেন, দীর্ঘক্ষন মসজিদের ছাদ থেকে হাফেজ জুনাইদ না নামার কারনে তার খোজঁ নিতে গিয়ে আবুল কালাম সেখানে গিয়ে দেখেন বিদ্যুত তারে জড়িয়ে আছে জুনাইদ। ওইসময় তাকে উদ্ধারে চেষ্ঠা করতে গিয়ে একইভাবে বিদ্যুত স্পষ্টে শর্ট খেয়ে অজ্ঞান হয়ে পড়েন আবুল কালাম। তাঁর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনাইদকে মূত্যু ঘোষনা করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাকের আহমদ ও সম্পাদক আবুল কাশেম বলেন, আহত আবুল কালামকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাচাই-বাচাই শেষে নিহতের পিতার জবানবন্দি নিয়ে চলে গেছেন। পরিবারের কোন অভিযোগ নেই, সেকারনে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
