এম.জিয়াবুল হক : চকরিয়ায় মসজিদের পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মিজানুর রহমান (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার বিকালে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের উত্তর বিনামারা জামে মসজিদ পুকুরে ঘটেছে এ ঘটনা। বিকাল তিনটার দিকে ওই যুবকের সলিল সমাধি ঘটলেও ব্যাপক তল্লাসি শেষে চকরিয়ার ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘটনার প্রায় চারঘন্টা পর রাত সাতটার দিকে মসজিদের পুুকুর থেকে তার লাশ উদ্ধার। নিহত মিজান চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের উত্তর বিনামারা গ্রামের জাকের আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিজানুর রহমান নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোকজন ওই পুকুরে উদ্ধার অভিযান চালায়। এ সময় স্থাণীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত সাড়ে ৭টার দিকে পুকুর থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্টেশন অফিসার মো. সাইফুল হাসান আরও বলেন, স্থাণীয় লোকজনের কাছে শুনেছি নিহত মিজানুর রহমান মৃগী রোগী ছিলেন। স্থাণীয় লোকজন ধারনা করছেন, পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ রোগটি উঠায় আর পানি থেকে কুলে উঠতে পারেননি যুবকটি। ফলে পানিতে তলিয়ে গিয়ে মারা যান তিনি। উদ্ধারের পর যুবকের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধূরী বলেন, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার একটি পুকুর থেকে রবিবার সাড়ে ৭টার দিকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##
