নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় মাসিক ৬ হাজার টাকা হারে বাড়ি ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন বাড়ি মালিক। অগত্য বাড়ি ছেড়ে দিতে বলায় উল্টো বাড়ি মালিক, তার স্ত্রী ও খালাতো ভাইকে আসামি করে মামলায় জড়িয়ে দিয়েছে ভাড়াটিয়া। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে বাড়ি মালিকের খালাতো ভাইকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
এদিকে বাড়ি ভাড়া নিয়ে চাঁদা দাবি ও পরে বাসা ছেড়ে না দিয়ে মামলায় জড়িয়ে হয়রানির ঘটনায় বাড়ি মালিকের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। এ অবস্থায় অনেকটা নিরুপায় হয়ে বাড়ি মালিক জগৎ হরি মালাকারের স্ত্রী রুমি রানী দে বাদি হয়ে গত ১৬ আগস্ট চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা রুজু করেছেন। এজাহারে একই এলাকার মৃত বাবুল শর্মার ছেলে রিটন শর্মা, তার স্ত্রী বেবী শর্মা, ভাই সুজন শর্মা ও সহযোগী শংকর দে শুভসহ চারজনকে আসামি করা হয়েছে।
তার আগে ১২ আগস্ট একইঘটনায় বাড়ি মালিক জগৎ হরি মালাকার বাদি হয়ে চকরিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি জিডিও (নং ৫৫৯) রুজু করেন।
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এজাহারে বাদি রুমি রানী দে বলেন, তার স্বামী জগৎ হরি মালাকার গত ১২ মে ৩০৪৪ নং রেজিস্ট্রাট দলিলমুলে চকরিয়া পৌরসভার ভরামুহুরী মৌজার বিএস ৫৩৫ দাগের আগের মালিক থেকে ৮ কড়া জমি কিনেন। পরে জমির বিপরীতে বিএস ২০২৮ নং খতিয়ানও সৃজন হয়েছে।
বাদি রুমি রানী দে এজাহারে দাবি করেন, তাদের কেনা আট কড়া জমিতে বাড়িটি মাসিক ৬ হাজার টাকা হারে ভাড়া নেন একই এলাকার রিটন শর্মা ও তার স্ত্রী বেবী শর্মা। ভাড়া নেয়ার পর তারা সেখানে তিনমাস থাকার পর কোন ভাড়া পরিশোধ করেনি৷ একপর্যায়ে ভাড়া দাবি করলে তারা আজকাল দেব অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
মামলার বাদি রুমি রানী দে বলেন, তিনমাসের বাড়ি ভাড়া না দিয়ে এরইমধ্যে রিটন ও তার স্ত্রী কৌশলে চলচাতুরির আশ্রয় নেয়। একপর্যায়ে কিছু বহিরাগত লোকের সঙ্গে হাত করে বাড়ি ছেড়ে দিবে, বিনিময়ে তাদেরকে ৬ লাখ টাকা চাঁদা দিতে হবে। এই অবস্থায় আমরা বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজন ও পাড়া প্রতিবেশীদের জানাই। এরপরও অভিযুক্ত রিটন ও তার স্ত্রী দাবিকৃত টাকা না পেলে বাড়ি ছাড়বে না বলে হুমকি দেন। এ অবস্থায় আমরা নিরুপায় হয়ে প্রথমে চকরিয়া থানায় জড়িতদের বিরুদ্ধে একটি জিডি রুজু করি। পরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলা করি।
বাড়ির মালিক জগৎ হরি মালাকার ও তার স্ত্রী রুমি রানী দে অভিযোগ করে বলেন, আমার বাড়ি ভাড়া নিয়ে টাকা দেয়া তো দুরের কথা অবৈধভাবে দখলে রেখেছে অভিযুক্ত রিটন শর্মা ও তার স্ত্রী বেবী শর্মা। এ ঘটনায় আমরা আইন আদালতের আশ্রয় নিয়েছি।
এতে উল্টো ক্ষিপ্ত হয়ে আমাদেরকে হয়রানি করার জন্য কোন ধরনের ঘটনা না হলেও রিটন তার স্ত্রী বেবী শর্মাকে বাদি করে গত ১২ আগস্ট চকরিয়া থানায় আমাদের বিরুদ্ধে একটি সাজানো মামলা দিয়েছে। এ মামলায় আমরা স্বামী স্ত্রী জগৎ হরি মালাকার, রুমি রানী দে ছাড়াও স্বামীর খালাতো ভাই নেপাল মালাকারকে আসামি করেছে। অথচ নেপাল ঘটনার সঙ্গে কোনমতে জড়িত নেই। পুলিশ সম্প্রতি ওই মামলায় নেপাল মালাকারকে আটক করে হাজতে পাঠিয়েছে। ভুক্তভোগী জগৎ হরি মালাকার ও তার স্ত্রী রুমি রানী দে ভাড়াটিয়া রুপী দখলবাজদের কবল থেকে তাদের বাড়িটি উদ্ধার ও হযরাণিমুলক সাজানো মামলা থেকে রক্ষা পেতে আদালতের বিজ্ঞ বিচারক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ##
