এম.জিয়াবুল হক : চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে মোহাম্মদ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকার জাফর আলমের ছেলে।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসির বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরীপাড়া এলাকায় শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান বাপ্পী। গাছ কাটার একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##
