চকরিয়ায় ফুসলিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা ; বখাটে যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় তেরবছর বয়সী এক কিশোরীকে ফুসলিয়ে হোটেলে নিয়ে তিনদিন ধরে দুই যুবক মিলে গণধর্ষণ করেছে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে চকরিয়া থানায় গতকাল বুধবার একটি মামলা করেছে। অভিযুক্ত বখাটে যুবকরা হলেন শেফায়েত হোসেন (২২) ও মো. মহিউদ্দিন (২১)। দু’জনেই টমটম চালক।

কিশোরীর পরিবার সুত্রে জানা গেছে, গত রবিবার (২০ সেপ্টেম্বর) ওই কিশোরী ভাবীর সাথে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকেলে অভিযুক্ত টমটম চালক শেফায়েত তার বন্ধু মহিউদ্দিনসহ কিশোরীকে কৌশলে ফুসলিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলে হোটেলে নিয়ে যায়।

পরে সেখানে তিন দিন আটকে রেখে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তারা দুইবন্ধু মিলে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। বাড়ির কাছাকাছি পৌছার পর রাস্তার পাশে স্থানীয়দের দেখে ওই কিশোরী চিৎকার করে কান্না শুরু করে দেয়। এ সময় অভিযুক্ত দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শেফায়েত হোসেনকে ধরলেও মহিউদ্দিন পালিয়ে যায়।

চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। একজন আটক রয়েছেন। অপর আসামিকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ভিকটিমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।##