এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় বাবা সাহাব উদ্দিনকে স্বামী হিসেবে না পাওয়ার প্রতিশোধেই আড়াই বছরের শিশু আল ওয়াসীমে রাতের আঁধারে মাতামুহুরী নদীতে নিক্ষেপে হত্যা করা হয়েছে মর্মে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার একমাত্র আসামী ঘাতক মুন্নি আক্তার। গতকাল বুধবার বিকেলে মুন্নি আক্তারকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলে বিচারক রাজীব কুমার দেব’র কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মুন্নি। এ সময় নিজেকে এই হত্যাকান্ডকে জড়িয়ে এই জবানবন্দি দেয়। এতে মাত্র দুইদিনের মাথায় আলোচিত এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ এই মামলার তদন্ত কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শিশু আল ওয়াসী হত্যাকান্ডের ঘটনায় জড়িত একমাত্র আসামী মুন্নি আক্তারকে আটক করা হয় বাপের বাড়ি থেকে ঘটনার রাতেই। এর পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের আদ্যোপান্ত অকপটে স্বীকার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় মুন্নিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক রাজীব কুমার দেব’র কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে।
ওসি জানান, জবানবন্দিতে মুন্নি আক্তার জানায়, শিশু আল ওয়াসীর বাবা সাহাব উদ্দিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেইসূত্রে দুইজনের মধ্যে বিয়ের কথা থাকলেও তাকে ছেড়ে রুনা ইয়াছমিনকে বিয়ে করে সাহাব উদ্দিন। এ কারণে তার জীবন তছনছ হয়ে যায়। তাই সাহাব উদ্দিনের জীবনও দুর্বিষহ করে তুলতে তার শিশুপুত্রকে হত্যার পথ বেঁছে নেয়।
ঘটনার বর্ণনা দিয়ে ঘাতক মুন্নি জবানবন্দিতে আরো জানায়, ঘটনার দিন সোমবার বিকেল চারটার দিকে শিশু আল ওয়াসী বাড়ির কাছের সড়কে খেলছিল। এ সময় একটি চিপস দিয়ে ওয়াসীকে কোলে তুলে সবুজবাগের পশ্চিমাংশের বিলের মাঝখানের পথ দিয়ে স্বপ্নপূরী ক্লাবের সামনে যান। সন্ধ্যা ঘনিয়ে আসার পর একটি টমটমযোগে পৌরশহরের চিরিঙ্গা পুরাতন বাসস্টেশনে গিয়ে নামেন। এর পর কোলে করে হেঁটে মাতামুহুরী নদীর সেতুর একেবারে মাঝখানে গিয়ে নদীতে নিক্ষেপ করেন শিশু ওয়াসীকে। এতে শিশুটির মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে ধূর্ত ঘাতক নারী মুন্নি আক্তার পালিয়ে যাওয়ার আগেই তাকে আটক করা হয়েছে। এ কারণে মাত্র দুইদিনের মাথায় হত্যাকাÐের আদ্যোপান্ত উদঘাটন সম্ভব হয়েছে। আর মঙ্গলবার রাতে শিশুর মা রুনা ইয়াছমিন বাদী হয়ে অপহরণের পর হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ এনে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে একমাত্র আসামী মুন্নির বিরুদ্ধে।
