নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে মুহাম্মদ সাইফুল্লাহ নামের এক সাংবাদিকের বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওইসময় হামলাকারীরা সাংবাদিকের মা.বাবা ও স্ত্রীকে পিটিয়ে লুটে নিয়ে গেছে বাড়ির বিভিন্ন মালামাল। গত ১৬ জুলাই ভোর চারটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়াস্থ গ্রামের বাড়িতে ঘটেছে এ হামলার ঘটনা। সাংবাদিক মুহাম্মদ সাইফুল্লাহ চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন।
আক্রান্ত পরিবার সদস্যরা জানিয়েছেন, বাড়িতে হামলা- লুটপাটের সময় সন্ত্রাসীরা সাংবাদিকের মা, বাবা ও স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত আহত করে। ওইসময় তাদের শোর-চিৎকার শুনে চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে হামলাকারীদের একজনকে ধরে পিটুনি দিয়ে আটকে রাখে।
ওইসময় অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীদের পরিবারের সদস্যরা (নারী-পুরুষ) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক সাইফুল্লাহদের বাড়িতে ফের হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এ সময় একটি মোবাইলসহ নির্মাণাধীন বাড়ির বিভিন্ন মালামালও লুট করে। এই ঘটনায় সাংবাদিক সাইফুল্লাহ বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়িতে হামলায় একই এলাকার ভেওলা মানিকচরের মুবিনপাড়ার মোহাম্মদ বাবুলের ছেলে পুতিয়া (১৮), পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩৭), আবু তাহের (৩৫), আবুল কালামের স্ত্রী বুলবুলিসহ (২৭) সহ আরো কয়েকজন জড়িত বলে দাবি করেন আক্রান্ত পরিবার সদস্যরা।
এদিকে হামলার ঘটনার পর জড়িতরা কেউ গ্রেফতার হয়নি। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় পড়েছে। এই অবস্থায় আতঙ্কে থাকা সাংবাদিকের বাড়িতে স্ত্রী, বৃদ্ধ মা ও বাবা ছাড়া আর কেউ নেই। সাংবাদিক সাইফুল্লাহ বলেন, বর্তমানে হামলাকারীরা উল্টো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে। এলাকা ছাড়া করবে বলে ভয়ভীতি দেখাচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাাশি সাংবাদিকের পরিবারের দিকে নজর রাখতে স্থানীয় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ##
