এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কে দুর্বৃত্তরা পথ গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে জাকের আহমদ (৪২)নামের একব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করেছে। ওইসময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে নগদ টাকা ও ব্যবহৃত মোটর সাইকেলটি লুটে নিয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কের লালব্রীজ ষ্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। হামলার শিকার জাকের আহমদ উপজেলার পশ্চিমবড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি এ ঘটনায় গতকাল রাতে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দরবেশকাটা থেকে মোটর সাইকেল যোগে বদরখালী-মহেশখালী সড়ক দিয়ে চকরিয়া পৌরশহরের দিকে যাচ্ছিল প্যানেল চেয়ারম্যান জাকের আহমদ। প্রতিমধ্যে লাল ব্রীজের টার্নিং পয়েন্ট এলাকায় পৌছলে বদরখালী পূর্ব নতুনঘোনা এলাকার নুরুন্নবীর ছেলে তৌহিদ ও হানিফ এবং লাল ব্রীজ এলাকার জামাল বলির পুত্র মো:সুমনসহ ৭/৮জনের দুর্বৃত্ত হঠাৎ পথ গতিরোধ করে তাকে বেদড়ক পিটিয়ে জখম করে।
এসময় দুর্বৃত্তরা জাকের আহমদের ব্যবহৃত মোটর সাইকেলসহ আহত জাকেরকে তুলে নিয়ে জামাল বলির বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা ঘটনার বিষয়টি তাৎক্ষনিক জেলা পরিষদের সদস্য আবু তৈয়বকে খবর দেয়। তিনি খবর পেয়ে দ্রুত জামাল বলির বাড়ি থেকে আহত প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
আহত প্যানেল চেয়ারম্যান জাকের আহমদ জানান, ঘটনার সময় তার কাছে থাকা নগদ দুই লক্ষ টাকা ও তাঁর মোটর সাইকেলটি নিয়ে গেছে হামলকারী দৃর্বৃত্তরা।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্যানেল চেয়ারম্যান জাকেরের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সরজমিনে তদন্তের জন্য থানার এস আই গৌতমকে দেয়া হয়েছে। তদন্তেসত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
