উখিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :
উখিয়ায় জালাল আহমদ নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের হামলায় পরিবারের ৪ সদস্য আহত হয়েছে। ডাকাতরা লুট করে নিয়ে নগদ দেড় লাখ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার। সৌদি আরব প্রবাসী জালাল আহমদের স্ত্রী গুলজার বেগম জানান, পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় রাত ৩ টার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির ছাদের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই অস্ত্রের ভয় দেখিয়ে শয়নকক্ষে থাকা গুলজার বেগম, তার দুই ছেলে মো: ইউনুস ও মো: ইয়াসির এবং কন্যা মাহবুবা সুলতানাকে ব্যাপক মারধর করে। পরে তাদের আহত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে রেখে বাড়ির আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতরি ঘটনাটি উখিয়া থানায় অবহিত করা হলে ভোররাত ৫ টার দিকে পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর শুনে ভোররাতেই পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’