এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার বিএমচর ও কৈয়ারবিল ইউনিয়নের অন্তত দশ হাজার মানুষের দাফন ব্যবস্থার অন্যতম মাধ্যম একমাত্র কবরস্থানটি রক্ষার দাবিতে এবার বিক্ষুদ্ধ এলাকাবাসি উপজেলা পরিষদে গিয়ে মানববন্ধন করেছে।
সোমবার ১৬ আগস্ট সকালে বিএমচর ইউনিয়নের বৃহত্তর পাহাড়িয়াপাড়া ও কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলার অন্তত দুই শতাধিক বাসিন্দা এই মানববন্ধনে অংশ নেন। এরপর তাঁরা বিষয়টির আলোকে জড়িত নোমান গংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্বারকলিপি দিয়েছেন।
এলাকাবাসির লিখিত স্বারকলিপির আলোকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুইদিনের মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে বিষয়টি সমাধানে ব্যবস্থা নিতে উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসির অভিযোগ বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া এলাকার রফিক আহমদের ছেলে সাইনুল ইসলাম নোমান গং দুই ইউনিয়নের অন্তত দশ হাজার মানুষের দাফনের একমাত্র কবরস্থানটি দখল চেষ্ঠার সঙ্গে জড়িত।
অবশ্য জবরদখল চেষ্ঠার ঘটনায় ইতোপুর্বে বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন ও কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক একসঙ্গে বাদী হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কবরস্থানটি উদ্ধারে আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিএমচর ইউনিয়নের পাহাড়িয়া পাড়া ও পাশের কৈয়াবিল ইউনিয়নের ১ওয়ার্ডসহ দুই ইউনিয়নের হাজারো মুসলমানদের শতবছরের মসজিদ কবরস্থানটি মাতামুহুরি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এই অবস্থায় এলাকাবাসি মসজিদ ও এলাকার লোকজনের ব্যবহৃত শতবর্ষী পুকুরটি ভরাট করে এবং এরসঙ্গে নতুন করে ছোট ভেওলা মৌজার বি,এস ৫৭৮১দাগের পূর্বের মালিকদের অবিক্রীত জমি ও তৎসংলগ্ন খাস জমিতে নতুন কবরস্থানটি তৈরী করে। এরপর থেকে এলাকাবাসি অর্থ্যাৎ উল্লেখিত ২ ইউনিয়নের বাসিন্দারা দাফনের জন্য কবরস্থানটি ব্যবহার করে আসছেন।
