এম.জিয়াবুল হক : চকরিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবদুস শুক্কুর (১৮) নামের এক টমটম চালক খুনের শিকার হয়েছে। গতকাল সোমবার (৭ডিসেম্বর) রাত আটটার দিকে চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুর উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের পারিবার ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চকরিয়া পৌরশহর থেকে টমটম (ইজিবাইক) গাড়িতে যাত্রী ভাড়া নিয়ে চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকায় যাচ্ছিলেন আবদুস শুক্কুর। প্রতিমধ্যে গাড়িটি পৌরসভার পালাকাটাস্থ সাবেক কমিশনার এনামুল হক বাবু’র বাড়ির নিকটে পৌছলে কয়েকজন ছিনতাইকারী যুবক গাড়িটির গতিরোধ করে টাকাসহ বিভিন্ন কিছু ছিনিয়ে নেয়।
ওই সময় বাঁধা দিতে চাইলে ছিনতাইকারীরা টমটম চালক আবদুস শুক্কুরকে ছুরিকাঘাত করে মাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা যাত্রী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর টমটম চালককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টমটম চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ হত্যার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।#
