চকরিয়ায় গভীর রাতে ক্ষেত থেকে তুলে নিয়ে কৃষককে পিটিয়ে হত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারে চকরিয়া উপজেলায় সবজি ক্ষেত পাহারা দেয়ার সময় তুলে নিয়ে গিয়ে শাহাব উদ্দিন (২৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই কৃষক আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন উপজেলার দক্ষিণ কাকারার শাহ আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী। তিনি বলেন, দিবাগত রাত ৩টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যহাতির কবল থেকে সবজি ক্ষেত পাহারা দেয়ার সময় একদল দুর্বৃত্ত পার্শ্ববর্তী দক্ষিণ কাকারা এলাকার শাহাব উদ্দিন, মিনহাজ (২৭) ও আবদুল মান্নানকে (৪৮) ধরে নিয়ে যায়।
এর পর সুরাজপুরের শান্তিনগর তামাক ক্ষেতে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। দুর্বৃত্তের মারধরের একপর্যায়ে শাহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহত মিনহাজ ও আবুল মান্নানকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে সোমবার সকালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কৃষক শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ওসি বলেন, ঠিক কী কারণে অথবা পূর্ব শত্রুতার জের ধরে ওই কৃষককে হত্যা করা হয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। #