চকরিয়ায় করোনা সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলায় মাঠে দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ; মাস্ক ব্যবহার না করায় ৪১ ব্যক্তিকে জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : করোনা সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলায় ফের মাঠে নেমেছেন চকরিয়া উপজেলা প্রশাসন। ইতোমধ্যে সরকারি নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠ তদারকির অংশহিসেবে কাজও শুরু করেছেন। রোববার ২১ মার্চ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পর্যবেক্ষনকালে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাস্ক ব্যবহার না করার দায়ে ৪১ ব্যক্তিকে অর্থ জরিমানা করেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ২০টি ব্যবসা প্রতিষ্ঠানকেও জরিমানা করে আদালত।
রোববার দুপুর থেকে থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
অপরদিকে আগেরদিন শনিবার একইভাবে পৌরশহরের বাণিজ্যিক জনপদে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন। এসময় আদালত মাস্ক ব্যবহার না করার দায়ে ২০ ব্যক্তিকে অর্থ জরিমানা করেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, দেশব্যাপী ফের করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। তাই চকরিয়া উপজেলা পৌরসভার প্রতিটি জনপদে যাতে আগে থেকে সংক্রমণের হার রোধ করা যায় সেইজন্য চকরিয়া উপজেলা প্রশাসন জনগণকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্টের অভিযান শুরু করেছে।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে সড়কে চলাচলের ক্ষেত্রে, দোকান-পাটে ব্যবসা-বাণিজ্য, মাঠে আড্ডা না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে ও করোনার সংক্রমন রোধে আরো সচেতন হতে হবে। জনগনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে আদালতের অভিযান অব্যাহত থাকবে। ##