চকরিয়ায় আওয়ামীলীগ নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে বেদম প্রহার : ৭ঘন্টা পর উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নুরুল আলম (৩২) নামের স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। ওইসময় তাকে শাররীকভাবে বেদম প্রহার করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যান এবং নারী মেম্বারের সহায়তায় প্রায় ৭ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে মানিকপুরের আয়েশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাকে তুলে নেয়া হয়। উদ্ধারের পর তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুরুল আলম উত্তর মানিকপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই এলাকার মৃত জিয়াউল হকের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আওয়ামীলীগ নেতা নুরুল আলম অভিযোগ করে জানান, তাঁর একটি রির্জাভ জায়গা আছে মানিকপুরে। সেটি দখলে রাখতে হলে স্থানীয় মেম্বার জাহেদ সিকদার তাঁর কাছে টাকা দাবি করে। মুলত কথা মতো টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে তাকে বহিরাগত দুর্বৃত্তদের সহায়তায় রাস্তা থেকে ধরে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
আহত নুরুল আলম দাবি করেন, তুলে নেয়ার পর পালাকাটা এলাকায় আটকে রেখে তাকে সর্বশরীরে বেদম প্রহার করেছে দুর্বৃত্তরা। এদিকে ঘটনার পর পরিবার সদস্যরা বিষয়টি অবহিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে। পরে ইউপি চেয়ারম্যান ঘটনাটি স্থানীয় সাংসদ আলহাজ জাফর আলমকে জানান।
পরবর্তীতে পরিষদের নারী মেম্বার ছালেহা বেগম ও পরিবার সদস্যরা গিয়ে আহত নুরুল আলমকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছেন বলে জানান আহত নুরুল আলম। #