এম.জিয়াবুল হক : চকরিয়ায় প্রায় সাতবছর পর প্রভাবশালী একটি দখলবাজ চক্রের কাছ থেকে অবশেষে বিদ্যালয়ের ভবন উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান অভিযান চালিয়ে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন একটি ভবন উদ্ধার করেছেন। অভিযান শেষে উদ্ধারকৃত ভবনের চাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন ইউএনও শিবলী নোমান।
অভিযানের সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর ও স্থানীয় মেম্বার রফিক উদ্দিন প্রমুখ।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি স্থানীয় একটি প্রভাবশালী দখলবাজ চক্র অবৈধভাবে দখলে রেখেছিলেন। পরে বিদ্যালয় কতৃপক্ষ ও সচেতন এলাকাবাসি বিষয়টির আলোকে উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ প্রদান করেন। এরপর আলোকে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যালয়ের ভবনটি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পরে বিদ্যালয়ের ভবনটি উদ্ধার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার জনসাধারণ আনন্দে মেতে উঠে।
অভিযান শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জবর দখলে নিয়েছিলেন। বিষয়টি জানার পর গতকাল অভিযান চালিয়ে দখলবাজ চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, দখলমুক্ত শেষে উদ্ধারকৃত ভবনের চাবি প্রধান শিক্ষকের হাতে হস্তান্তর করা হয়েছে। অনুরূপভাবে উপজেলার অন্য কোন এলাকায় একইভাবে কেউ সরকারি সম্পদ অবৈধ ভাবে দখলে রাখলে অবশ্যই উদ্ধার করা হবে। #
