চকরিয়ায় অটোরিক্সা উল্টে ঢেউটিনে গলা কেটে মসজিদের মোয়াজ্জিন নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় অটোরিক্সা উল্টে টিন ছিটকে পড়ে গলা কেটে মাওলানা রুহুল কাদের (৩২) নামের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও ভাঙ্গারমুখ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এসময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সার ছাদে করে কিছু ঢেউটিন নিয়ে যাচ্ছিলেন। এসময় ভাঙ্গারমুখ এলাকা পৌছলে অটোরিক্সাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে।
এ সময় তার গলা কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল উদ্দিন টিনে গলা কেটে রুহুল কাদের নামের এক মোয়াজ্জিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।