চকরিয়ায় বালু বোঝাই ডাম্পার ট্রাক গাড়ী জব্দ ; পাচারকারী যুবক আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে অবৈধভাবে পাচারকালে বালুসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে মোঃ বাহার মিয়া (২৮) নামের যুবককে। গতকাল বুধবার ( ১ মার্চ) সকাল ৯টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট এলাকায় নিয়মিত টহল ডিউটিকালে আটকের এ ঘটনা ঘটে। আটক বাহার মিয়া লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ উত্তর মালুম্মা এলাকার মোহাম্মদ ফেরদৌসের ছেলে।

ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনী কুমার রায় জানান, নিয়মিত টহলরত অবস্থায় ডুলাহাজারা বগাচতর মৌজার রংমহল হাতিপাড়া নামক এলাকায় বনাঞ্চলের ভেতর থেকে একটি ডাম্পার গাড়ি আসতে দেখতে পাওয়া যায়। এসময় বালুভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে আটক করা হয়েছে বাহার মিয়া নামের যুবককে। গাড়িতে থাকা আরো ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান বিট কর্মকর্তা।

জানা গেছে, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা দেয়াল সংলগ্ন ও পার্শ্ববর্তী বনাঞ্চল বগাইছড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু পাচার করে আসছিল একটি চক্র। বিভিন্ন সময়ের অভিযানে বালু ও ডাম্পার গাড়ি জব্দ করে মামলাও দেয়া হয়েছে। তবে নেতৃত্ব দাতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না। ##