চকরিয়ায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে এমপি জাফর ; বিএনপির সঙ্গে আঁতাতে আগামী নির্বাচনে নৌকাকে পরাজিত করতে ষড়যন্ত্র চলছে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : এক সময়ের বিএনপি জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনে দীর্ঘ ৪৩ বছর পর নৌকা প্রতিক নিয়ে আলহাজ্ব জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শত প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে বর্তমান সাংসদ জাফর আলম দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের স্বপ্নকে ধুলিষ্যাৎ করে আগামীতেও নৌকা নিয়ে এই আসনে বিজয়ী হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে সুদৃষ্টি রয়েছে। বিএনপির তারেক জিয়ার বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলে যায় তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগ হতে পারেনা।
গতকাল মঙ্গলবার (২০জুন) বিকালে চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সে একটি হোটেলে চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা , মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগ ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে সাংগঠনিক বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন বক্তারা এসব কথা বলেন।

প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ
আরো বলেন, চকরিয়া-পেকুয়া আসনে এমপি জাফর আলম একদিনে তৈরী হয়নি। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা বিএনপি জামায়াতের অপরাজনীতি বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে সবসময় সরব ছিলেন। তিনি আছেন বলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা চকরিয়া পেকুয়ার মাটিতে নির্ভয়ে কাজ করতে পারছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি বলেন, আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে কিছু দুস্কৃতিকারী আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে। দুঃখের সঙ্গে বলতে হয়, সম্প্রতি চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সম্মলনে পরাজিত সাবেক নেতা ও তিনবারের সংসদ নির্বাচনে পরাজিত সাবেক নেতা মিলে ভারতের সিলংয়ে থাকা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সঙ্গে গোপন আতাঁত করে আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরী করে নৌকাকে পরাজিত করতে মাঠে নেমেছে। চকরিয়া-পেকুয়ার সাধারণ মানুষ নৌকাকে সাদরে গ্রহণ করেছে। আগামী নির্বাচনেও এই এলাকার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করবে।
তিনি বলেন, আমাকে এবং আমার পরিবার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিড়িয়া ট্রায়ালের মাধ্যমে আমার জনপ্রিয়তা ও দলের সুসংহত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা চালাচ্ছে এসব দুস্কৃতিকারীরা।

এদিকে প্রতিবাদ সভা শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দিয়েছেন চকরিয়া পেকুয়া উপজেলার ২৫ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মো. আলমগীর ও ২৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ##