চকরিয়ায় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ; আন্তঃজেলা চোর সিন্ডিকেট চক্রের তিন সদস্য গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে আন্তঃজেলা মোটারসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে তিনটি টেম্পারিং করা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার জেলা ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার জামাল উদ্দিনের ছেলে মো. হোছাইন (৩৬), একই ইউনিয়নের আলীপুর গ্রামের ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী পাড়ার হাশেম মোল্লার ছেলে জোহার উসলাম সায়েম ( ২৮)।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আহমমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় তিনটি চোরাই মোটরসাইকেল। এসব মোটারসাইকেল এর ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর টেম্পারিং করা। তারা চট্টগ্রাম-বান্দরবান ও কক্সাবাজার জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ##