নিজস্ব প্রতিনিধি : চকরিয়ায় সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন মোসলেহ উদ্দিন মিলন (৩৯) নামের এক শিক্ষানবিশ আইনজীবী। ওইসময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাঁকে ধরে নিয়ে মার্কেটের নীচতলার একটি নির্জনস্থানে অস্ত্রের মুখে তিনঘণ্টা ধরে আটকে রেখে শাররীকভাবে বেদড়ক মারধর করে একটি মোবাইল ফোন ও নগদ ১৩ শত টাকা লুটে নিয়েছে। মারধরের একপর্যায়ে তাঁকে বাড়িতে খবর পাঠিয়ে আরও টাকা আনতে বাধ্য করে বিফল হলে ছিনতাইকারীরা কৌশলে ওই আইনজীবীর কাছ থেকে জোরপূর্বক খালী স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে। আহত মোসলেহ উদ্দিন চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জঙ্গলকাটা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
ঈদের দুইদিন পর গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় পরদিন মঙ্গলবার ছিনতাইয়ের শিকার আইনজীবী মোসলেহ উদ্দিন বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। গতকাল সকালে তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় জমা দেওয়া এজাহারে বাদি শিক্ষানবিশ আইনজীবী মোসলেহ উদ্দিন বলেন, ঈদের পর হাত খরচের টাকা সংকট দেখা দিলে আমি সোমবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া উপজেলা সদরের থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সে সিটি ব্যাংকের এটিএম বুথে যাই। ওইসময় বুথ থেকে আমি এক হাজার টাকা উত্তোলন করে বেরিয়ে আসার মুহুর্তে অপরিচিত ৩/৪ জন লোক আমার সামনে এসে গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা আমাকে ছাকুর ভয় দেখিয়ে জোর করে ধরে নিয়ে মার্কেটের নীচে নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাঁরা আমার পকেটে থাকা নগদ ১৩ শত টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়।
আহত আইনজীবী মোসলেহ উদ্দিন এজাহারে আরও বলেন, ঘটনার একপর্যায়ে ছিনতাইকারীরা আমাকে আটকে রেখে শাররীক ভাবে মারধর করে। ওইসময় তাঁরা আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে খবর পাঠিয়ে আরও টাকা আনতে বাধ্য করে। এতে আমি রাজি না হলে ছিনতাইকারীরা কৌশলে আমার কাছ থেকে জোরপূর্বক তিনটি খালী স্টাম্পে স্বাক্ষর নিয়ে তিনঘণ্টা পর ছেড়ে দেয়। পরে আমি ঘটনাটি পরিবার সদস্যদের জানালে আমার ভাতিজা মনিরুল ইসলাম ও ভাগিনা বাহাদুর আলম ঘটনাস্থলে পৌঁছে আমাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমি চট্টগ্রামে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এটিএম বুথ থেকে টাকা তুলে গিয়ে ছিনতাইয়ের শিকার শিক্ষানবিশ আইনজীবী মোসলেহ উদ্দিন একটি এজাহার জমা দিয়েছেন। এব্যাপারে তদন্তের জন্য থানার এসআই আবদুল হান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ##