নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মহাসড়কে কাভার্ড ভ্যান গাড়ির চাপায় নিশান কর্মকার (২৭) নামের যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই যুবক। গতকাল বুধবার রাত আনুমানিক আটটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি কমিউনিটি সেন্টার এলাকার হৃদয় কর্মকারের ছেলে । তিনি চকরিয়ার খুটাখালী বাজারের একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন বলেও জানা গেছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষাদর্শী সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে চকরিয়া পৌর শহর থেকে মোটরসাইকেল যোগে নিশান কর্মকারসহ তিন যুবক ডুলাহাজারা বাজারের দিকে আসছিলেন। তারা ডুলাহাজারা ডিগ্রী কলেজ পর্যন্ত পৌঁছলে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে নিশানের মৃত্যু হয়। আহত দুই যুবককে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হলো ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বৈরাগিরখীল এলাকার বদি আলমের পুত্র মোঃ হারুন (২২) ও একই এলাকার কামাল উদ্দিনের পুত্র মোঃ তুষার (২২)।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মাকসুদ আহমেদ জানান, ডুলাহাজারা ডিগ্রী কলেজ গেইট সড়ক দুর্ঘটনায় এক যুবক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় নিশান কর্মকার নামের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মালুমঘাট বাজার থেকে জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ডাম্পার গাড়িটি। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###
