টেকনাফ টুডে ডেস্ক : কয়দিন পরেই আসছে নতুন বছর। আর বছরের শুরুর দিনেই আসছে একটি নতুন ধারাবাহিক নাটক। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘ঘরে বাইরে’ নামের এ ধারাবাহিকটি প্রচার শুরু করবে মাছরাঙা টেলিভিশনে।
প্রতি সপ্তাহের রবি ও সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে এটি। নাটকের গল্পে দেখা যাবে, নানারকম সুখ-দু:খ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে কীভাবে যায় মানুষের জীবন?
নির্মাতা মাতিয়া বানু শুকু বলেন,‘‘ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালোবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা। চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘরে বাইরে’।’’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরো অনেকে।
