গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে আজ দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
কেন্দ্রীয়ভাবে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে (আইইবি) এ কর্মসূচি পালন করা হবে বলে যুগান্তরকে জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। দুই ঘণ্টা অবস্থানের পাশাপাশি নেতারা বক্তব্য রাখবেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এ কর্মসূচিতে অংশ নিতে পারেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের যে কোনো একটি জায়গায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করা হয়। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়। ঢাকা মহানগর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি সফল করতে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এর মধ্য দিয়ে নবগঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস তাদের সাংগঠনিক শক্তি প্রকাশ করবে।
এছাড়াও বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিতে পদপ্রত্যাশী নেতারাও তাদের নিজ নিজ পক্ষের কর্মীদের অনুষ্ঠানস্থলে হাজির করতে নানা প্রস্তুতি নিচ্ছে। ঢাকার বাইরে একই অবস্থা। বিশেষ করে, সম্প্রতি যেসব জেলা বা মহানগরে নতুন কমিটি হয়েছে, সেখানকার নতুন নেতৃত্ব তাদের সাংগঠনিক শক্তি জানান দেবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
