গর্জনিয়ায় রিসোর্স সেন্টারের কেয়ার টেকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : রামুর গর্জনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার সাইফুল্লাহ মো. ফোরকানকে কর্মহীন (অব্যাহতি) থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন খালেদ রোববার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বলেন- ফোরকানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে জেলায় প্রতিবেদন পাঠানোর পর গত ২২ জুলাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার সাইফুল্লাহ মো. ফোরকান কর্মহীন থাকার লিখিত পত্র পেয়েছে বলে স্বীকার করেছেন। তবে ফোরকানের দাবি- স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্র করছে।

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম বলেন- গর্জনিয়ার রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার ফোরকানের বিরুদ্ধে অনিয়ম, দুর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ থাকায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।

এদিকে গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন জানিয়েছেন- গত ১৬ জুলাই ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক বরাবরে তিনিসহ এলাকার সচেতন মহল ফোরকানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। ওই পত্রে তাঁরা উল্লেখ করেছেন- গর্জনিয়ার রিসোর্স সেন্টার নিয়মিত খোলা থাকে না। সাধারণ মানুষকে এ ব্যাপারে যথাযথ অবগতও করা হয়নি। কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী এলাকার লাকী আক্তারের ইসলামি ফাউন্ডেশন কর্তৃক যাকাতখাতে প্রদেয় ৬ হাজার টাকার মধ্যে ৪ হাজার ৫০০টাকা ফোরকান আত্মসাৎ করেন। পাশাপাশি কক্সবাজারে তাঁকে ধর্ষণ করা হয়। গর্জনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের কাছ থেকে বেতনের কিছু অংশ তাকে (ফোরকান) ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে তিনি তাঁদের চাকরিচ্যুত করার হুমকি দেন। ফোরকানের বাবা মাওলানা এজেহারুল হক একজন সনদধারী রাজাকার।