কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পূর্ব শত্রু তার জের ধরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে (৬২) কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর ওই গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি গ্রামের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর। এসময় পূর্ব শত্রু তার জের ধরে পথে ওঁৎ পেতে থাকা একই এলাকার আবুল কালাম পন্ডিত ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিকুরকে গুরুতর জখম করেন।

পরে স্থানীয় লোকজন সিদ্দিকুরকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।