টেকনাফ টুডে ডেস্ক : কলড্রপে গ্রাহকদের ক্ষতিপূরণ না দেওয়া, গ্রাহকদের মতামত না নিয়ে কলচার্জ বৃদ্ধি ও বিরক্তিকর ক্ষুদে বার্তা পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান, ল’ রিপোটার্স ফোরামের সদস্য এম. বদিউজ্জামান ও মেহেদী হাসান ডালিম।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। রিটকারীদের পক্ষের শুনানি করবেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
রিটে মোবাইল ফোন ব্যবহারকারীদের অধিকার সুরক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি এবং কলড্রপে গ্রাহকদের আর্থিক ক্ষতির পরিমাণ নিরুপণ ও ক্ষতিপূরণ দিতে পৃথক কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি পুনরায় কলরেট ও অন্যান্য চার্জ বাড়ানো ও মোবাইল গ্রাহকদের অনাবশ্যক ক্ষুদে বার্তা পাঠানোতে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
রিটে টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, সেক্রেটারি, মোবাইল অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, এয়ারটেল লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলা লিংক লিমিটেড ও টেলিটকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘এমনিতেই পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে মোবাইল কলচার্জ বেশি। এর পরে গ্রাহকের মতামত না নিয়ে চলতি বছরের আগস্ট মাসে অতিরিক্ত কলরেট চাপিয়ে দেওয়া হয়েছে। যা গ্রাহকদের অধিকারের পরিপন্থী ও বেআইনি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মাসে ২২২ কোটি বার কলড্রপ করেছে মোবাইল অপারেটরগুলো।’
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত ১৩ মাসে দেশের সব মোবাইল ফোন অপারেটরের কলড্রপের পরিসংখ্যান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণফোন অপারেটরের গত ১৩ মাসে ১০৩ কোটি ৪৩ লাখ বার কলড্রপ হয়েছে। আর রবির কলড্রপ হয়েছে ৭৬ কোটি ১৮ লাখ বার। বাংলালিংকের ৩৬ কোটি ৫৪ লাখ আর টেলিটকের আনুমানিক ৬ কোটি বার।
২০১৪ সালে কয়েকটি অপারেটর কলড্রপের বিপরীতে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করে। এ নিয়ে তারা প্রচারও চালায়। কিন্তু কিছুদিন না যেতেই ঘোষণা ছাড়া ক্ষতিপূরণ বন্ধ করে দেয় অপারেটরগুলো।এরপর গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে অপারেটরগুলোর কাছ থেকে কলড্রপের বিপরীতে ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
