করোনা টিকা নিয়েছেন সাংসদ জাফর আলম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়ায় অবশেষে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। মঙ্গলবার ৯ ফেব্রæয়ারী দুপুরে চকরিয়া উপজেলা হাসপাতালে উপস্থিত হয়ে সাংসদ জাফর আলম করোনা টিকা (ভ্যাকসিন) গ্রহন করেন। এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সহ হাসপাতালের কর্মকর্তা, সংশ্লিষ্ট নার্স, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনার টিকা গ্রহণের পর এমপি জাফর আলম বলেন, করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে কোন ভয় নেই, এই টিকাতেই হবে করোনা জয়। তিনি এসময় চকরিয়া ও পেকুয়া উপজেলার সর্বসাধারণকে নির্ভয়ে করোনার টিকা গ্রহনের আহবান জানান।
এমপি জাফর আলম বলেন, করোনার এই টিকা নিয়ে অনেকে জনগণের মাঝে গুজব ছড়িয়েছেন। সেসব গুজবের কোন ভিত্তি নেই চিকিৎসা বিজ্ঞানে। তাই কোন ধরণের অপপ্রচার এবং গুজবে কান না দিয়ে সবাইকে নিজের এবং পরিবার সদস্যদের জীবন সুরক্ষিত রাখতে যথাসময়ে করোনার টিকা গ্রহন করতে হবে। ##