টেকনাফ : করোনাতংকের মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। শুক্রবার রাতে (১০টার সময়) নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকে ৯০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় উৎপেতে থাকে।
কিছুক্ষণ পর সন্দেহ জনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।
পরে নৌকার ভিতর তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার ইয়াবা আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।
