করোনায় আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঢালিপাড়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর করোনা পরীক্ষা করা হলে শুক্রবার রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‘হঠাৎ শ্বাসকষ্ট বে‌ড়ে যাওয়ায় তার প‌রিবার কিছুটা দু‌শ্চিন্তাগ্রস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’ এদিকে হাসপাতাল থেকে বলা হয়েছে, সাদেক বাচ্চুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাদেক বাচ্চুর শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম ‘চাঁদনী’ চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত। টিএন্ডটি নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন সাদেক বাচ্চু।

১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। একইসাথে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।

প্রথম নাটক ছিলো ‘প্রথম অঙ্গীকার নাটকটি পরিচালনা করেন আবুল্লাহ ইউসুফ ইমাম। সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেন। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক।

প্রথম চলচ্চিত্র শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ অবলম্বনে একই নামের ছবি, নায়ক হিসেবে অভিনয় করেন। শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন কিন্তু ছবিটি মুক্তি পায়নি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে। শহীদুল হক খানের এই ছবিতে ইলিয়াস কাঞ্চন নায়ক ছিলেন।

তিনি একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক এবং ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন। তিন যুগের ক্যারিয়ারে প্রায় ৫০০’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। পর্দায় খল চরিত্রেই সবচেয়ে বেশি দেখা গেছে তাকে। ২০১৮ সালে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।