টেকনাফ টুডে ডেস্ক : সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ২১০টি দেশ ও অঞ্চলে। করোনাভাইরাস মোকাবিলায় সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়া এবং আক্রান্তের হার কম হওয়ায় এক সময় বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। কিন্তু বিগত কয়েক দিনে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
সিঙ্গাপুরে গত ১৫ মার্চ পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র ২০০ হলেও বর্তমানে এই সংখ্যা ৮ হাজারের বেশি। বিগত তিন দিনে সিঙ্গাপুরে ৩ হজারের বেশি আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার একদিনেই আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৬ জন। বিগত কয়েকদিনে যারা আক্রান্ত হয়েছে তাদের ৬০ শতাংশই বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশ থেকে আসা শ্রমিক। এ রকম ৪৩টি ডরমেটরিতে প্রায় ২০ হাজার শ্রমিক রয়েছে।
সিঙ্গাপুর সরকারের গৃহীত পদক্ষেপের বাইরে থাকা এই ডরমেটরিগুলো এখন ক্লাস্টার হিসেবে কাজ করছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এদিকে, বিপর্যস্তের তালিকায় প্রথম দিকে থাকা জার্মানিতে করোনার হানা কিছুটা নিয়ন্ত্রণে আসায় পরীক্ষামূলকভাবে লকডাউন শিথিল করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৬২ জনের।
একই সঙ্গে ইতালিতেও কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতালিতে এখন পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ২২৮ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ১১৪ জনের।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জন।
