নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে :
কক্সবাজার সৈকতে ভেসে এলো আবারও শত শত মৃত জেলিফিশ।
সোমবার (২ জানুয়ারী) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে জেলেদের টানা জালের সাথে এইসব জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এসময় পর্যটকসহ স্থানীয়রা জেলিফিশ গুলো দেখতে ভীড় জমায়।
সৈকতে দায়িত্বরত বীচ কর্মী নবী হোসাইন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, শৈবাল পয়েন্টে উপকূলের কাছাকাছি কয়েকটি জেলে নৌকা টানা জাল বসিয়ে মাছ শিকার করছিল। পরে জাল টানতে গিয়ে জেলেরা দেখতে পায় অসংখ্য জেলি ফিশ জালের সাথে আটকে আছে। এসময় জেলেরা জেলিফিশ গুলো সাগরে ফেলে দিলে তীরে ভেসে আসে এবং বালিয়াড়িতে আটকে মারা পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন জেলিফিশ অমেরুদণ্ডী প্রাণী এবং বিষাক্ত । তারা পর্যটকসহ সকলকে এসব মৃত মাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
এর আগে গতবছরের আগস্ট মাসের শুরুতে কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে হীমছড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ভেসে এসেছিল শত শত মৃত জেলিফিশ।
স্থানীয়রা বলছেন, অতীতে সাগর পাড়ে মাঝেমধ্যে দুয়েকটা মৃত জেলিফিশ দেখা গেলেও এতো বেশি জেলিফিশের মৃত্যু তারা এর আগে কখনও দেখেননি।
