কক্সবাজার সাগর উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ১৯ জেলেকে উদ্ধার ; মালিকপক্ষের নিকট হস্তান্তর

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ভোলার ১৯জন জেলেকে উদ্ধার করে মালিকপক্ষের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড।

সুত্র জানায়, ২৯ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টায় উর্ধ্বতন মহলের নির্দেশে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন (এনডি) পিএসসি, বিএন এর নেতৃতে একটি আভিযানিক দল কক্সবাজার সমূদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ভাসমান অবস্থায় ফিশিং বোটসহ ১৯জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করার পর উদ্ধারকৃত জেলেসহ বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। পরে ফিশিং বোটটি উদ্ধারের পর ভোলার ফিশিং বোটের মালিক পক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা গত ২৩ এপ্রিল এফভি “সজীব-১” নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮ এপ্রিল বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে। এসময় গভীর সমূদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত্ব তৎক্ষনাৎ সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, কক্সবাজার উপকূল হতে ভোলার বিকল ট্রলার ও ১৯জন জেলেকে বোট মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। ###