কক্সবাজারে প্রতিদিনই করোনা রোগী শনাক্তের রেকর্ড : দুই পৌর কাউন্সিলর সহ একদিনে ৫৯ জন আক্রান্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে প্রতিদিনই করোনা রোগী শনাক্তের রেকর্ড অতিক্রম করছে। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় সর্বত্র ছড়িয়ে পড়ছে করোনা রোগী। বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সর্বোচ্চ সংখ্যক করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিনসহ দুই পৌর কাউন্সিলর বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন।
মেডিকেল কলেজের দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৮২ জনের। এর মধ্যে নতুন রোগী ৭৬ জন। বাকি ৬ জন ফলোআপ রোগী। এর মধ্যে কক্সবাজার জেলার ৫৯ জন।
কক্সবাজার মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল বৃহস্পতিবার বিকালে জানান, নতুন ৭৬ জন রোগীর মধ্যে কক্সবাজার জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে রেকর্ড ৫৯ জনের। বাকি করোনা রোগীর মধ্যে পার্শ্ববর্তী বান্দরবান জেলার ৪ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ জন এবং লোহাগড়া উপজেলার ৮ জন রয়েছে।

কক্সবাজার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৫৫১ জনে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ২৯ জন। জেলায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি কক্সবাজার শহরে, এরপর রয়েছে চকরিয়া ও উখিয়া উপজেলায়।

জেলায় বুধবার শনাক্ত রোগী ছিল ৪০ জন।

বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন ও পৌরসভার দুই কাউন্সিলর সালাউদ্দিন সেতু, মিজানুর রহমান।

সালাউদ্দিন সেতু কক্সবাজার পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত ২৩মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার শরীরের নমুনা পরিক্ষা করতে দিলে বৃহস্পতিবার বিকালে তার রিপোর্ট পজেটিভ পান বলে তার নিজের^ ফেইসবুক আইডি’তে দেওয়া এক স্ট্যাটাসে জানান। শারিরীক ভাবে তিনি সুস্থ্য রয়েছেন বলে জানান।

এছাড়া বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন কক্সবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান।

দুই কাউন্সিলর ছাড়াও এদিন করোনা আক্রান্ত হয়েছেন জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মঈন উদ্দিন।

গত ২০ মে তিনি নমুনা পরিক্ষা করতে দেন। এর ৮দিন পর ২৮ মে বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট পান। মঈন সুস্থ আছেন বলে ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।