নিজস্ব প্রতিনিধি-
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও মহিলা কলেজের দুটি নোটিশকে কেন্দ্র করে প্রতিবাদ মুখর হয়েছে শিক্ষার্থীরা।
আগামী ২৬ জুন মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রচারিত বিজ্ঞপ্তিতে উখিয়া-টেকনাফের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কক্সবাজার সরকারী মহিলা কলেজ তাদের নোটিশেও উখিয়া-টেকনাফ ব্যতীত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে বলে উল্লেখ করেছে।

গত ৮ মে’র তারিখের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত ও মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো সোলাইমান স্বাক্ষরিত দুটি নোটিশ
গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর নিন্দা জানান বিভিন্ন জন।
এদিকে আজ বুধবার ( ২৫ মে) সকালে কক্সবাজারের উখিয়া কোটবাজারে এই বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলেজ শিক্ষার্থীরা।
এসময় ছাত্ররা বলেন,”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নোটিশে উখিয়া ও টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের অংশ করতে দিচ্ছে না। যা বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ। অবিলম্বে উক্ত বৈষম্যমূলক নোটিশ প্রত্যাহার করে পুনরায় নোটিশের মাধ্যমে উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
মানববন্ধনে কক্সবাজারের বিভিন্ন কলেজে অধ্যয়নরত উখিয়ার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কক্সবাজার অফিসের সহকারী পরিচালক রুহুল আমিন বলেন, উখিয়া টেকনাফে মাদকদ্রব্যের আলাদা অফিস থাকায় সেখানকার শিক্ষার্থীরা ওই অফিসের অধিনে প্রতিযোগিতায় অংশ নিবে। নোটিশে সেটা বুঝানো হয়েছে।
তবে কক্সবাজার মহিলা কলেজ কেন তাদের নোটিশে উখিয়া টেকনাফের ছাত্রীরা অংশ নিতে পারবে না উল্লেখ করেছে তা জানতে কলেজ অধ্যক্ষের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
