কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ৫ মিনিটেই মারা গেলেন মোমেনা বেগম (৪৫) নামে এক নারী। ওই নারী রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের স্ত্রী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তী করা হয়। এর কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিন জানান, ভর্তির ৫ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু হয়। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে জরুরী বিভাগে চিকিৎসার পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আগে থেকেই তার হাঁপানী ও ডায়াবেটিস ছিল বলে জানান তিনি। এর আগে সে স্থানীয় ভাবে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেছিলেন।
মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এই রোগী করোনা পজিটিভ ছিল কিনা।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই রোগীর আগে থেকেই হাপানী ও ডায়াবেটিস ছিল তারপরও আমরা সর্বোচ্চ সর্তকর্তা অবলম্বন করবো। দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
