নিজস্ব প্রতিনিধি-১৫ নভেম্বর ২০২২।
কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকৃত ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের করা দুই মামলার রায় ঘোষণার জন্য ২৩ নভেম্বর দিন ধায্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এই তারিখ ঠিক করেন। একই সঙ্গে আদালত উপস্থিত ১৮ আসামীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।
তিনি জানান, ১৪ ও ১৫ নভেম্বর এই মামলার সাফাই সাক্ষ্য ও যুক্তিতর্ক হয়েছে। এরপর আদালত রায়ের জন্য দিন ধার্য্য করেন এবং আদালতে উপস্থিত ১৮ আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পিপি জানান, ১৪ নভেম্বর এই মামলায় টেকনাফের বাহারছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার গিয়াস উদ্দিন সাফাই সাক্ষ্য দিয়েছেন। এরপর ওই দিন আংশিক যুক্তিতর্ক হয়। ১৫ নভেম্বর অবশিষ্ট যুক্তিতর্ক সম্পন্ন করে রায়ের দিন ধার্য্য করেন আদালত। অস্ত্র ও ইয়াবার পৃথক দুই মামলার রায় আলাদা করে ঘোষণা করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে ১০২ জন ইয়াবাকারবারী আত্মসমর্পণ করে। মামলা চলাকালে সোহেল নামে এক আসামী কারাগারে মারা গেছেন। আত্মসমর্পণের পর তাদের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যালেট এবং ৩০ টি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে মর্মে উল্লেখ করে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে তৎকালীন ওসি (তদন্ত) এবিএমএস দোহা বাদী হয়ে পৃথক ২ টি মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামীদের পক্ষে সাক্ষীদের জেরা করা হয়। আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষা ফলাফল যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সহ মামলাটি বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।
